২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরে ফেরার পথে হামলা, চার পুলিশ সদস্য আহত

খবর পেয়ে থানা পুলিশের আরেকটি দল গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 11:02 PM

Updated : 28 Feb 2023, 11:02 PM

পঞ্চগড়ের আটোয়ারীতে মামলার আসামি গ্রেপ্তার করে ফেরার পথে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। 

এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে আটোয়ারী থানার ওসি সোহেল রানা জানান। 

মঙ্গলবার বিকালে আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের কিসমত এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এ ঘটনায় চার নারীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায় (৩২), কনস্টেবল জাহাঙ্গীর আলম (২৭), রাকিবুল হাসান (২৭) ও মাসুদ রানা (২৮)। 

এদের মধ্যে কনস্টেবল রাকিবুল হাসান ও মাসুদ রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও এসআই দীনবন্ধু রায় ও কনস্টেবল জাহাঙ্গীর আলম হাসপাতালে ভর্তি রয়েছেন। 

আটোয়ারী থানার ওসি সোহেল রানা জানান, মঙ্গলবার দুপুরে তড়েয়া ইউনিয়নের কিসমত এলাকায় জমি সংক্রান্ত একটি মামলার এজহারভুক্ত আসামি ধরতে যান আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়সহ চার পুলিশ সদস্য।

“তারা এজাহারভুক্ত কিসমত এলাকার শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে হাতকড়া লাগিয়ে থানায় ফিরছিলেন। এ সময় শহিদুলের পরিবারের কয়েকজন নারী ও পুরুষ পুলিশের উপর হামলা চালিয়ে আসামি শহিদুলকে ছিনিয়ে নিতে চেষ্টা করেন।” 

খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে বলে ওসি জানিয়েছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় চার নারীসহ ছয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।