২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের অজগর লোকালয়ে

সাড়ে ১০ ফুট দৈর্ঘে্যর সাপটির বয়স প্রায় ১২ বছর, ওজন ২০ কেজি

সুন্দরবনের অজগর লোকালয়ে

রোববার সকালে বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 05:43 PM

Updated : 21 Aug 2022, 05:43 PM

বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার সকালে উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসত বাড়ি থেকে এই অজগরটি উদ্ধার করা হয় বলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান।

তিনি আরও বলেন, সাড়ে ১০ ফুট লম্বার এ সাপটির বয়স প্রায় ১২ বছর; ওজন ২০ কেজি। দুপুরে অজগরটি সুন্দরবনের করমজলের গহীনে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগের এই কর্মকর্তা বলেন, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ সাধারণত বনের ভেতরের উঁচু জায়গায় ডিম পেড়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বনের অভ্যন্তরের উঁচু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাপগুলো লোকালয়ের উঁচু জায়গায় ডিম পাড়তে চলে আসে। অনেক সময় খাবারের সন্ধানেও লোকালয়ে এসে থাকে এ সাপ। লোকালয়ের বাড়িঘরে ঢুকে হাঁস-মুরগি শিকার করে খেয়ে থাকে অজগর সাপ।

চলতি বছর লোকালয়ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি হরিণ, দুটি গোখরা সাপ, দুটি কুমির, তিনটি অজগর, একটি তক্ষক ও একটি কচ্ছপ করমজলের বনে অবমুক্ত করা হয়েছে জানান এই বন কর্মকর্তা।