চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম আর নেই
তিনি পাঁচবার চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম আর নেই।
সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
শওকত আলীর বড় ছেলে মো. সাইফুল্লাহ শওকত জীবন বলেন, “মঙ্গলবার সকাল ১১টায় তাকে চিলমারীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”
পরিবার জানায়, শওকত আলী দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। ৩০ জুলাই অসুস্থ হলে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল। কিন্তু রোববার থেকে তিনি আবারও অসুস্থ হয় পড়েন।
শওকত আলী সরকার পাঁচবার চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সাব সেক্টর মাইনকার চরের অধীন কুড়িগ্রামের রৌমারী-চিলমারী অঞ্চলে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। আবুল কাশেম চাঁদ কোম্পানির সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। ১৯৭১ সালের ১৩ নভেম্বর উলিপুরের হাতিয়া যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
শওকত আলী ১৯৪৮ সালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইজাব আলী সরকার এবং মায়ের নাম শরিতুজ নেছা।
বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় তিনি মুক্তিযুদ্ধে শওকত আলী সরকারের বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতা হারালো এবং দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হলো।
প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
