ঈদের সকালে লিচু বাগানে ট্রাক চালকের লাশ
“কালকে সন্ধ্যা থেকে ভাইকে পাওয়া যাচ্ছিল না। ”
পাবনার সদর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে; যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধারের খবর জানান আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান।
নিহত ৫০ বছর বয়সী আব্দুর রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামাণিকের ছেলে।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী বলেন, “কালকে সন্ধ্যা থেকে ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়।
“সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পাই, জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে ভাইয়ের লাশ পড়ে আছে।”
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান বলেন, ভোর রাতের দিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
