২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থেমে চলছে বাস

গণপরিবহন কম থাকায় অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে বাসে উঠতে দেখা গেছে।

ফাঁকা ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থেমে চলছে বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 12:01 PM

Updated : 29 Oct 2023, 03:35 PM

বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের দিনে সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। থেমে থেমে কিছু বাস চলছে, সেগুলোতে যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।

রোববার সকালে সাভার, নবীনগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মাঝে মাঝে দুয়েকটি বাস চলছে। ব্যক্তিগত গাড়ি বিশেষ করে প্রাইভেটকার ও মোটরসাইকেলও চলতে দেখা গেছে ।

Image

সড়কে সাভার মডেল থানার পুলিশদের টহল দিতে দেখা গেছে।

তবে গণপরিবহন কম থাকায় অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে বাসে উঠতে দেখা গেছে। এ ছাড়া রিকশা চলাচল করছে তুলনামূলক বেশি।

এসব এলাকায় হরতালের সমর্থনে কোনো তৎপরতাও চোখে পড়েনি।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-৪ এর কয়েকটি গাড়ি টহল দিতে দেখা যায়। তাছাড়া সাভার মডেল থানার পুলিশদেরও টহল দিতে দেখা গেছে।

টহলরত একজন সাব ইন্সপেক্টর নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত এই মহাসড়কের সাভার অঞ্চলে কোনো পিকেটিং হয়নি। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলাও করেনি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার আছে।"

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নেতা-কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।