প্রতিবেশীর বাড়ির সাপ ধরতে গিয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখতে পেয়ে রুবেলকে জানায়। পরে সে সাপটিকে ধরে বস্তায় ভরার সময় কামড় দেয়।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সোমবার দুপুরে তার ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ২০ বছর বয়সী রুবেল বেপারী ওই গ্রামের রহমান বেপারীর ছোট ছেলে এবং উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
ইউপি চেয়ারম্যান বলেন, “দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখতে পেয়ে রুবেলকে জানায়। পরে রুবেল সেখানে গিয়ে সাপটি ধরে বস্তায় ভরার সময় কামড় দেয়। স্থানীয়রা তাকে ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।”
তবে ঘটনাস্থল দুর্গম চরাঞ্চল হওয়ায় রুবেলকে হাসপাতাল নিতে অনেকটা সময় লেগে যায় বলে জানান তিনি।
রুবেলের খালাত ভাই মিজানুর রহমান বলেন, “রুবেল সাপটিকে পেঁচিয়ে ধরে বস্তার ভেতরে দেওয়ার সময় সেটি কামড়ে দেয়। পরে স্থানীয়রা এক ওঝাকেও দেখায়। কিন্তু কোনো লাভ না হওয়ায় রুবেলকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।”
