২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসচাপায় রিকশাচালকসহ নিহত ২

পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধায় বাসচাপায় রিকশাচালকসহ নিহত ২

গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে একটি যাত্রীবাহী রিক্সাভ্যানকে চাপা দেয় শাহজালাল-শাহ পরান নামের বাসটি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 05:59 PM

Updated : 06 Aug 2022, 05:59 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

উপজেলার বোয়ালিয়া মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার সকালে তারা হতাহত হন বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী সরকার।

নিহতরা হলেন বোয়ালিয়া গ্রামের বাতেন মণ্ডলের ছেলে রিকশাচালক শাহাজাহান আলী (৫০) ও নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে রিকশাযাত্রী ফরিদ শেখ (২২)।

আহত যাত্রীরা হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল হকের ছেলে এজাদুল হক (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৭)।

ওসি নুরুন্নবী জানান, রিকশাটি তিনজন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে উপজেলা শহরে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী শাহজালাল-শাহ পরান নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

দুর্ঘটনায় আহত হন আরও দুইজন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, “দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাসের নিচে ভ্যান আটকে যায়। তখন বাস রেখে চালক ও তার সহকারীরা পালিয়ে যান।

“বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।”

বাস আটক করে থানায় নিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।