Published : 28 Dec 2023, 02:35 PM
কেউ যদি ভোটারদের বাধা, ভয়ভীতি ও হুমকি দেয় তাহলে শাস্তির বিধান করা রয়েছে; তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইসি রাশেদা বলেন, “আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চাই। যে নির্বাচনে ভোটাররা আসবে। তাদের ভোট দিয়ে তারা বলতে পারবে- আমরা ভোট দিতে পেরেছি। এটা দেশে ও আন্তর্জাতিক মহলে সমাদৃত হবে। যাতে আমাদের গণতন্ত্রটা আরও সুসংহত হয়।
“এই বার্তাটা দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আসা। আমরা কমিশন কীভাবে ইলেকশনটা করতে চাই, কী আকারের ইলেকশন চাই। সেগুলো আপনাদের কাছে সমন্বয় করা দরকার বলে আপনাদের এখানে মূলত আমাদের আসা।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, নির্বাচনে সরাসরি কোনো কাজ না থাকলেও আপনাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা কিন্তু আমাদের ইলেকশনটা কতটুকু স্বচ্ছতার ও নিরপেক্ষতার সঙ্গে হলো এই চিত্রগুলো জনগণের সামনে তুলে ধরতে পারবেন।”
রাশেদা আরও বলেন, “আহ্বান জানাবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। যেটা ঘটে গেছে আপনারা সেটাই লিখবেন, ভালো ঘটে গেলে ভালো, মন্দ ঘটে গেলে মন্দ, আমরা বলব না, মন্দ ঘটে গেলে পাবলিশ করবেন না।”
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক।