১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সৈয়দপুরে সাজসজ্জা, বালুচাপা দেওয়া হল ময়লার ভাগাড়

মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়ক পথে রংপুরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সৈয়দপুরে সাজসজ্জা, বালুচাপা দেওয়া হল ময়লার ভাগাড়

নীলফামারীর সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে বিমানবন্দরের দিকে পার্বতীপুর সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 06:38 PM

Updated : 19 Oct 2026, 06:38 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরে আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। সড়কের পাশে টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন, মেরামত করা হচ্ছে ডিভাইডার ও বিভিন্ন স্থাপনা।

এর মধ্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি রংপুর নগরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশে সড়কপথে রওনা দেবেন।

ওই দিন বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। সফরসূচিতে এরপর রাজশাহী থেকে চট্টগ্রামে যাওয়ার কথাও বলা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সোমবার সকালে সৈয়দপুর শহর, বিমানবন্দর সড়ক ও রংপুর মহাসড়ক জুড়ে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করছি।

“পাশাপাশি বিভিন্ন জায়গার রং ও ডিভাইডার মেরামত করছি। এ ছাড়া যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, সেগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।”

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে বিমানবন্দরের দিকে পার্বতীপুর সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়সংলগ্ন পৌরসভার ময়লার ভাগাড়টিও বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

পাশাপাশি শহরের বিভিন্ন সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। সড়কের পাশে টাঙানো হচ্ছে বিভিন্ন ব্যানার-ফেস্টুন। কোথাও কোথাও সড়ক বিভাজকে রং করা ও মেরামতের কাজ চলছে।

স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে সৈয়দপুর শহরের বাসাবাড়ি, হাসপাতাল ও হোটেল থেকে সংগ্রহ করা বর্জ্য ওই ভাগাড়ে ফেলা হচ্ছিল। উন্মুক্ত স্থানে ময়লা জমে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়াত। এতে পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হত। দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, এতদিন এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ভাগাড়ের কিছু বর্জ্য সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের অন্য স্থানগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। তাহলে কি তারা প্রধানমন্ত্রীকে রঙিন কাঠের চশমা পড়িয়ে দেখাতে চায় এলাকায় উন্নয়ন হচ্ছে?

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছি। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। পৌরসভা কর্তৃপক্ষ এত দিন কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জায়গাটি পরিষ্কার করে বালু ফেলা হচ্ছে।”

ময়লার ভাগাড় ঢেকে দেওয়ায় স্বস্তি প্রকাশ করে পথচারী মাহবুবার রহমান বলেন, “এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হত। শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হত। এখন পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার করছে। এভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হলে আমাদের চলাচলে সুবিধা হবে।”

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, “প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। সফর ঘিরে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের প্রধানকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন নেতারা।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তার আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত। তাকে বরণ করে নিতে আমরা প্রস্তুত।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, “প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রস্তুতি নিয়েছে। তাকে শুভেচ্ছা জানানো হবে।”