রেকর্ড গড়তে ২৮১ কিলোমিটার অবিরাম সাঁতারে ক্ষিতীন্দ্র
এর আগেও নানা রেকর্ড করেছেন একুশে পদকপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা
বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য এবার ‘বিশ্ব রেকর্ড গড়তে’ সিলেট থেকে অবিরাম ২৮১ কিলোমিটার নদীপথে সাঁতার শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, এই পথ পাড়ি দিতে তার ৭০ ঘণ্টা সময় লাগতে পারে।
সোমবার সকাল ৬টায় সত্তরোর্ধ্ব এই বীর মুক্তিযোদ্ধা সুরমা নদীর চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন। সাঁতরে তিনি কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাট পর্যন্ত পৌঁছাবেন।
যাত্রাপথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার আংশিক বা সম্পূর্ণ পথ অতিক্রম করবেন একুশে পদকপ্রাপ্ত সৌখিন এই সাঁতারু।
সেই ছাত্রজীবন থেকে তিনি অবিরাম সাঁতারু। সাঁতারু হিসেবে একাধিক জাতীয় রেকর্ডও রয়েছে। এবার ‘বিশ্ব রেকর্ড’ গড়তে চান ৭১ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা।
ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমাণ্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, গিনেজ বুকে নিজের নাম যুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সহায়তায় ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ৭০ ঘণ্টায় ২৮১ কিলোমিটার নদীপথে সাঁতারে পাড়ি দেবেন। এই সময়ে তিনি পানিতেই থাকবেন, খাওয়া-দাওয়া সব কাজ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করা ক্ষিতীন্দ্র চন্দ্র বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক পদে থাকা অবস্থায় অবসরে যান। তিনি ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, “আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালের মে মাসে অবসর গ্রহণ করলেও এখন কনসালট্যান্ট হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছি। ছাত্রজীবন থেকে সাঁতার আমার নেশা। আমি একজন অবিরাম শৌখিন সাঁতারু।”
তিনি আরও জানান,১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতার কেটে রেকর্ড গড়েন। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপার নৌকা দিয়ে সম্মানিত করেন। পরে ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট অবিরাম সাঁতার কেটে আবার জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। ২০১৮ সালে ১৮৫ কিলোমিটার দূরপাল্লার সাঁতার সম্পন্ন করেন; যা ছিল আরেকটি স্থানীয় রেকর্ড।
সাঁতারু বলেন, “১৯৭০ সাল থেকেই আমি দূরপাল্লার বা অবিরাম সাঁতারের সঙ্গে জড়িত। সেবার নেত্রকোনার মদনে টানা ১৫ ঘণ্টা সাঁতার কেটেছিলাম। ১৯৭৩ সালে সিলেটের এমসি কলেজের পুকুরে টানা ৮২ ঘণ্টা সাঁতার কাটি। সাঁতারে জাতীয় পর্যায়ে চারটি পুরস্কার পেয়েছি।”
নৌ-পুলিশ সিলেটের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আখন্দ বলেন, সুরমা, ধনু,গৌত্র ও মেঘনা এই চার নদীতে বিরামহীন ২৮১ কিলোমিটার যাত্রায় তিনটি নৌকায় তাকে নিরাপত্তা দেওয়া হবে। এ সময় তাকে খাবার সরবরাহ করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।
পুলিশ সুপার বলেন,জেলা ও পুলিশ প্রশাসন, নৌ-পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম সাঁতারুর সঙ্গে রয়েছে। তার শারীরিক বা স্বাস্থ্যগত কোনো সমস্যা যেন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
