শিকলে বন্দি ৪ সন্তানের জননীর জীবন
পরিবারের দাবি, সাত-আট বছর ধরে অল্প হলেও স্বামীর মৃত্যুর পর পুরোপুরি মানসিক ভারসাম্য হারান ওই নারী।
বরিশালের গৌরনদীতে ‘মানসিক ভারসাম্য’ হারানো চার সন্তানের জননী শিকলে বাঁধা পড়েছেন।
পরিবারের দাবি, সাত-আট বছর ধরে অল্প হলেও স্বামীর মৃত্যুর পর পুরোপুরি মানসিক ভারসাম্য হারান ওই নারী।
৩৫ বছর বয়সী নাজমা আক্তার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের উমর আলী হাওলাদারের মেয়ে। বর্তমানে চার সন্তানসহ তার স্থান হয়েছে বাবার বাড়িতে।
নাজমার বৃদ্ধ মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় বিভিন্ন কবিরাজের মাধ্যমে চিকিৎসা করিও মেয়েকে সুস্থ করতে পারেননি তারা। এ অবস্থায় যেন অন্যত্র চলে যেতে না পারেন, সেজন্য গত দুই বছর ধরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
তিনি বলেন, “যেখানে আমাদের তিনবেলা খাবারই জোটে না, সেখানে মেয়েকে চিকিৎসা করাই কিভাবে?”
নাজমা এক ছেলে ও তিন মেয়ের মা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের ঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে তার এক পা বাঁধা। ঘরের মেঝেতে খড় বিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে শুয়ে-বসে দিন কাটে তার।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারটি এতটাই অসচ্ছল যে মানসিক ভারসাম্যহীন নাজমার সুচিকিৎসা দেওয়ার মত সামর্থ্য তাদের নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির বয়সও ষাটোর্ধ্ব। তার ওপরই সাত সদস্যের পরিবারের ভরণপোষণের দায়িত্ব।
সরকার ও সমাজের সামর্থ্যবানদের সহায়তা ছাড়া নাজমার চিকিৎসা খরচ বহন করা পরিবারটির পক্ষে অসম্ভব বলে জানিয়েছেন তারা।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান বলেন, “খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
