লাখ থেকে কোটিপতি হয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নিজের নগদ ৬ লাখ এবং স্ত্রী’র ছিল ১০ লাখ টাকা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত ৫ বছরে লাখ থেকে কোটিপতি হয়েছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নগদ ৬ লাখ এবং স্ত্রীর ১০ লাখ টাকা দেখিয়েছিলেন।
২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নগদ ১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬৯৬ টাকা এবং স্ত্রী মোনালিসা ইসলামের ৪৭ লাখ টাকা দেখিয়েছেন।
পাঁচ বছরের ব্যবধানে হলফনামায় ফরহাদ হোসেন ও তার স্ত্রীর সোনার গহনা, ব্যবসা, কৃষি, গাড়ি-বাড়ি, সম্পদে তথ্য ওঠে এসেছে।
২০১৪ সালের নির্বাচনি হলফনামায় তার বাৎসরিক আয় ছিল ৬ লাখ ১২ হাজার ৩৪০ টাকা।
হলফনামা অনুযায়ী, আয়ের সবচেয়ে বড় অংশ হিসেবে কৃষি ও ব্যবসা উল্লেখ করেছেন তিনি।
তার দাবি অনুযায়ী, বার্ষিক আয় এখন দাঁড়িয়েছে ২৫ লাখ ১৮ হাজার টাকা।
আগে ব্যবসা ছিল না, এখন ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৩৭৪ টাকা।
আগে শেয়ার বাজার থেকে আয় ছিল ১৫ হাজার ৩৫৩ টাকা। বর্তমানে সেই আয় ৪ লাখ ২৮ হাজার ২১০ টাকা হয়েছে।
২০১৮ সালের নির্বাচনি হলফনামায় নিজের বার্ষিক আয় ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিল। এবার সেই আয় ৪৭ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা বলে উল্লেখ করেছেন তিনি।
আগের বারের হলফনামায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অর্থ জমা না থাকার কথা বলা হলেও এবার নিজের নামে ২৯ লাখ ১ হাজার ৮৫৮ এবং স্ত্রীর নামে দেড় লাখ টাকা দেখানো হয়েছে।
আগের হলফনামায় বন্ড বা ঋণপত্র ছিল না, এবার এ খাতে ৬ লাখ ৩৩ হাজার টাকা দেখানো হয়েছে।
এ প্রার্থীর হলফনামায় পোস্টাল সেভিংস, সঞ্চয়পত্রে বিনিয়োগ নিজের ৪০ লাখ এবং স্ত্রীর ২০ লাখ টাকা দেখানো হয়েছে। যদিও ২০১৮ হলফনামায় এর কিছুই ছিল না।
একইভাবে আগের হলফনামায় ব্যবসায় কোনো বিনিয়োগ না থাকলেও এবার ব্যবসায় নিজের ৩১ লাখ ৩৩ হাজার ৩৭৩ টাকা এবং স্ত্রীর নামে ৪০ লাখ টাকা বিনোয়োগের উল্লেখ আছে।
এবার প্রতিমন্ত্রীর নিজের ২৫ ভরি এবং স্ত্রীর ২০০ ভরি সোনার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত পাঁচ বছরে জমির পরিমাণ শূন্য থেকে বেড়ে ফরহাদ হোসেনের নিজের ২৭৪ দশমিক ৪৫ শতক এবং স্ত্রীর ২ বিঘা ৫ কাঠা হয়েছে।
বহু মূল্যমান আসবাবপত্র ছাড়াও মেহেরপুর শহরে পৈত্রিক জমিতে দ্বিতল বাড়ির পাশাপাশি ঢাকায় ৩১ দশমিক ৪৩ শতক জমি, ৫৩ লাখ টাকায় কেনা ১৬৫৪ বর্গফুট আয়তনের বাড়ির (উত্তরা) কথা জানা গেছে।
এ ছাড়া নিজের বৈধ একটি পিস্তল ও একটি শটগানের কথা হলফনামায় আছে।
এ ছাড়া নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়, এ সংসদ সদস্য প্রার্থীর বন্ধকবিহীন ব্যক্তিগত ঋণ আছে ৫৮ লাখ টাকা।
৭৫ লাখ ৫০ হাজার টাকা দামের নিজের একটি জিপ এবং সাড়ে ৭ লাখ টাকা দামে স্ত্রীর একটি মাইক্রোবাসের কথা হলফনামায় উল্লেখ করেন তিনি।
২০১০-২০১১ সালে ফরহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে দন্ডবিধির ৩৭৯ ধারায় দুটি মামলা ছিল। ২০১৩ সালে ওই দুটি মামলা থেকে তিনি অব্যাহতি পান বলে জানান।
আরও পড়ুন:
