২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূ হত্যায় ৬ জনের যাবজ্জীবন

হাত-পা বেঁধে, গলায় ওড়না পেঁচিয়ে, নাক-মুখ তোয়ালে দিয়ে বেঁধে, কুপিয়ে গৃহবধূকে হত্যা করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 06:39 PM

Updated : 30 Nov 2022, 06:38 PM

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতিকালে এক গৃহবধূকে হত্যার ১৬ বছর পর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বুধবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন বলে জানান বাদীর আইনজীবী আ হ ম তাইফুর আলম।

দণ্ডিতরা হলেন দাউদকান্দি উপজেলার বড়সাতপাড়া গ্রামের কাউসার ওরফে অপূর্ব, মুরাদনগর উপজেলার বড়ইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দির সাতপাড়া গ্রামের শফিকুল ইসলাম, একই গ্রামের আক্তার হোসেন ও লালচাঁন স্বর্ণকার এবং দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের মহসিন মিয়া।

এজাহারের বরাত দিয়ে আইনজীবী তাইফুর আলম জানান, দণ্ডিতরা ২০০৭ সালের ১৯ জানুয়ারি রাতে দাউদকান্দির ইলিয়টগঞ্জে ডাকাতি করতে গিয়ে গৃহবধূ শাহনাজ বেগমকে খুন করেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী ফারুক মিয়া ব্যবসার কাজে ঢাকায় ছিলেন।

পরদিন নিহতের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

আইনজীবী আরও জানান, ঘটনার সময় শাহনাজ ‘ওয়াশ রুমে’ ছিলেন। সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে ডাকাতদল। পরে তার হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে নাকমুখ তোয়ালে দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর ওই ঘরে ডাকাতি করে।

“ঘটনার পর প্রথমে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা হয়। পরে অভিযোগপত্রে দণ্ডিত আসামিদের নাম উঠে আসে।”

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় কাউছার ছাড়া বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। বুধবার বিকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, “আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।”