২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথপুরের ‘রহস্য ঘেরা’ বাড়িতে মিলল বোমা তৈরির সরঞ্জাম

“রাতে কিছু মানুষ আসতো, যাদের চলাফেরা রহস্যজনক।”

জগন্নাথপুরের ‘রহস্য ঘেরা’ বাড়িতে মিলল বোমা তৈরির সরঞ্জাম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির বিস্ফোরক ও যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 08:47 PM

Updated : 08 Jan 2023, 08:47 PM

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামের ‘রহস্য ঘেরা’ বাড়িতে দিনভর অভিযান চালিয়ে বোমা তৈরির বিস্ফোরক, রাসায়নিক দ্রব্য, অস্ত্র ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বোম ডিসপোজল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিএমপি এবং সেনাবাহিনীর একটি বোম ডিসপোজল টিম বাড়িটি ঘেরাও করে অভিযান চালায়। এরপর বিকালে বিস্ফোরক পাওয়ার কথা জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিঘলবাক (ফেচি) আটঘর গ্রামের আখলাকুর রহমানের ছেলে আফজাল হোসেন (৩৫) পুরনো রহস্যজনক এই বাড়িটিতে বসবাস করেন। তিনি এর আগেও একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।

সম্প্রতি আদালত একটি মামলায় আফজালের বিরুদ্ধে সমন জারি করে। জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ নূরে আলম সেই সমন নিয়ে বাড়িটিতে যান। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল পালিয়ে যান।

পুলিশ বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষে ইলেকট্রনিক্স ডিভাইস, বিস্ফোরক পাউডার, যন্ত্রপাতি দেখতে পেয়ে অবাক হয়। পরে তারা অভিযান চালাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চায়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদক জানান, পুলিশ বাড়ির বিভিন্ন কক্ষ থেকে ল্যাপটপ, মোবাইল, ওয়াকিটকি, রাসায়নিক দ্রব্য, বিস্ফোরক পাউডার, রামদা, চাকু, পাইপসহ নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করেছে। এসব দ্রব্য ও যন্ত্র বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়।

তিনি আরও জানান, কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী বড় ধরনের নাশকতার চেষ্টা করছিল কি না তা আলামত থেকে খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সকালে পুলিশ জানিয়েছিল, পরিত্যক্ত ওই বাড়িতে বেশ কিছু দিন ধরে রাতে কিছু অচেনা মানুষের আনাগোনা বেড়েছে বলে স্থানীয়রা জানায়। যারা আসতো, তাদের চলাফেরা রহস্যজনক।

অভিযানের কারণে সকাল থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। বাড়ির আশপাশে কাউকে আসতে দেওয়া হয়নি।

আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান বলেন, যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে সেই বাড়ির মালিক আফজাল একজন চিহ্নিত অস্ত্রবাজ। বিভিন্ন সময়ে সে অস্ত্রসহ ধরা পড়েছে। উদ্ধারকৃত আলামত খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।