দাখিলে অসদুপায় অবলম্বন: দুই পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
চাঁদপুরে অব্যাহতি পাওয়া শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা নিতে ইউএনও বরাবর লিখিত আবেদন করার কথা জানিয়েছেন কেন্দ্রসচিব।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্ব পালন করা পাঁচ শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ‘হাদিস শরীফ’ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রসচিব ও ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার।
বহিষ্কার হওয়াদের একজন উপজেলার নন্দীখোলা দাখিল মাদরাসার ও অন্যজন কালিকাপুর দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- কেন্দ্রের ২ নম্বর কক্ষের শিক্ষক মো. আবুল হোসেন ও আমলন্দ গোলদার এবং ৩ নম্বর কক্ষের শিক্ষক শফিকুর রহমান, মো. ছালেহ আহম্মদ ও মো. রাসেল মিয়া।
ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার বলেন, ঘটনার পর পর্যবেক্ষক শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
অব্যাহতি পাওয়া ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটোয়ারী।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, ঘিলতলী পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং দুটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক পাঁচ শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
