২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলহের জেরে যুবককে খুন করে মাটিচাপা, বাবা ও ভাই গ্রেপ্তার

পুকুর পাড়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 09:51 AM

Updated : 08 Sep 2022, 09:51 AM

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবককে খুন করে মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি খুঁড়ে বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নূর হোসেন শাকিলের (২৫) বাড়ি মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামে।

গ্রেপ্তাররা হলেন-শাকিলের বাবা বশির হোসেন বাবুল মিয়া (৬০) ও ভাই এমাম হোসেন (২২)।

পুলিশ সুপার শহীদুল বলেন, শাকিল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকার জন্য গত ৪ সেপ্টেম্বর রাতে শাকিল তার মা ফাতেমা বেগমকে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় শাকিলের ভাই এমাম হোসেন তাকে গলাটিপে হত্যা করে।

“পরে বাবা ও ভাই মিলে রাতের আঁধারে শাকিলের লাশ পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে রাখে।”

পরে ঘটনাটি জানাজানি পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।