হবিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ফুফু-ভাতিজার
দুই শিশু কারিমা ও আরিফ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান।
নিহতরা হলো- ওই গ্রামের জহির মিয়ার পাঁচ বছর বয়সি শিশু ছেলে আরিফ মিয়া ও একই গ্রামের নাজির মিয়ার সাত বছর বয়সি শিশু কন্যা কারিমা আক্তার। সম্পর্কে তারা ফুফু ভাতিজা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আরিফ ও কারিমা খেলা করছিল। এ সময় তারা হঠাৎ অসাবধানতাবশত পুকুরের পড়ে তলিয়ে যায়।
তিনি আরও বলেন, পরিবারের লোকজন আরিফ ও কারিমাকে দেখতে না পেয়ে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
