নেত্রকোণার কংস নদে নৌকা ডুবে তিনজন নিখোঁজ
নদীর এক পারে পূর্বধলা উপজেলার কৈলাটি, আর অপরপারে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ঘাট; ২৩ যাত্রী নিয়ে পারাপারের সময় ডুবে যায় নৌকাটি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কংস নদী পারাপারের সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কংশ নদের মুচারবাড়ি ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল আহসান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পূর্বধলা উপজেলার কৈলাটি ফেরিঘাট থেকে একটি নৌকায় অপরপারের দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ঘাটে যাচ্ছিলেন ২৩ যাত্রী। মুচারবাড়ির কাছাকাছি পৌঁছে স্রোতের টানে নৌকাটি হঠাৎ ডুবে যায়।
দ্রুত তৎপরতা চালিয়ে ২০ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে তিনজন এখনও নিখোঁজ।
তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান ইউএনও।
নেত্রকোণা সদর ও পূর্বধলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি দল উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
