২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহে জরিমানা দারাজের

দারাজ এক ভোক্তাকে একটি ত্রুটিপূর্ণ ‘এসকিউ ১১ মিনি ডিভি ক্যামেরা’ সরবরাহ করায় এই জরিমানার মুখে পড়ে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 09:21 PM

Updated : 26 Jul 2022, 09:21 PM

হবিগঞ্জে গ্রাহককে ত্রুটিপূর্ণ পণ্য দেওয়ায় অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান দারাজকে অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা মঙ্গলবার দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দেন।

আদেশ দেওয়ার সময় অভিযোগকারী তারেক হাবিব এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ সিনহা জানান, চলতি বছরের ১৭ জুন তারেক হাবিব নামে এক ভোক্তা হবিগঞ্জে দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি ‘এসকিউ ১১ মিনি ডিভি ক্যামেরা’ অর্ডার করেন। ২১ জুলাই তিনি পণ্যটি গ্রহণ করেন।

“কিন্তু দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি নষ্ট ও ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করা হয়।”

এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দেন তারেক হাবিব।

দেবানন্দ আরও বলেন, মঙ্গলবার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দারাজ এ জরিমানার টাকা পরিশোধ করবে বলে জানান এই কর্মকর্তা।

দারাজের হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম বলেন, “এটা ড্যামেজ প্যাকেট ছিল। তাই আমাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”