ভোট বর্জন: কেন্দ্র দখলের অভিযোগ যশোর-১ স্বতন্ত্র প্রার্থী লিটনের
“হয়ত ১০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে।”
নৌকার প্রার্থীর বিরুদ্ধে ৫৫টি কেন্দ্র দখলের অভিযোগে এনে ভোট বর্জন করেছেন যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।
রোববার বেলা ১১টায় বেনাপোল মাদ্রাসা কেন্দ্রের পাশে নিজের একটি নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী লিটন।
লিটন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র।
সংবাদ সম্মেলনে যশোর-১ আসনে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে কেন্দ্র দখলের পাশাপাশি ভোটে প্রভাব বিস্তার, ট্রাকের এজেন্টকে মারপিট, বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।
তিনি বলেন, “আমার ৯ এজেন্টকে মারপিট করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটার ও কর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। ৫৫টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “ওরা প্রমাণিত করছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হয়ত ১০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে। ”
জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, “সকাল সাড়ে ৮টার মধ্যেই তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তো সেই নির্বাচন নিয়ে বেশিদূর যাওয়ার কোনো ইচ্ছা, ধৈর্য, কোনোটাই আমার নেই।
“তাই এই প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন, অসম্মান আঘাতের নির্বাচন, আর সম্মানিত ভোটারদের বেইজ্জত করা, ভোট দিতে বাধা দেওয়ার এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।”
