আরবের সঙ্গে মিলে রেখে ১১ জেলায় ঈদ উদযাপন
“কেয়ামত সারা দুনিয়ায় একদিনেই হবে। সে হিসেবে গতকাল ছিল আরাফার দিন, আর আজ ঈদুল আযহা।”
প্রতি বছরের মত আরবের সঙ্গে মিল রেখে দেশের ১১ জেলায় বেশ কিছু গ্রামে ঈদ উদযাপন হয়েছে।
শুক্রবার চাঁদপুর, দিনাজপুর, ফরিদপুর, জামালপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, ময়মনসিংহ, পটুয়াখালী, শেরপুর, সাতক্ষীরার বেশ কিছু গ্রামে ঈদের নামাজ আদায় করেছেন মানুষ। পরে তারা পশু কোরবানি দেন।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর
৯৭ বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রায় অর্ধশত গ্রামে আগাম ঈদ উদযাপন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। দরবার শরিফসহ আশপাশের গ্রামগুলোতে শুক্রবার উদযাপন হচ্ছে ঈদ।
সকাল সাড়ে ৭টা থেকে দরবার শরিফের দুটি ঈদগাঁহে আসতে শুরু করেন মানুষ। শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজন নতুন জামা কাপড় পড়ে ও সুগন্ধী মেখে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজের প্রথম জামাত সাদরা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।
এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। এই জামাতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
দুটি ঈদ জামাতের নামাজ শেষে মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলিমদের শান্তি ও সুরক্ষা এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
নামাজ শেষে উপস্থিত মানুষ একে অপরের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি ও করমর্দন করেন। কিছু সময় পরে দরবার শরিফ ও আশপাশের এলাকায় পশু কোরবানি করেন লোকজন।
গোপালগঞ্জ থেকে প্রথমবারের মত চাঁদপুর দরবার শরিফে ঈদ করতে আসা সাইফ বলেন, “আমি সাদ্রা দরবার শরিফে এই প্রথম ঈদের নামাজ আদায় করেছি। আমার এখানে এসে ভালোই লাগছে। সামনেও ঈদ করতে আসতে চেষ্টা করব।”
ঈদ জামাতে আসা স্থানীয় যুবক ইমাম হোসেন বলেন, “বৃহস্পতিবার দিনটি ছিল সারা পৃথিবীর জন্য আরাফার দিন। যা বাংলাদেশের জন্য বা অন্য কোনো দেশের জন্য আলাদা নয়। যেমন কেয়ামত সারা দুনিয়ায় একদিনেই হবে। সে হিসেবে গতকাল ছিল আরাফার দিন, আর আজ ঈদুল আযহার দিন। সেই কারণে আমরা ঈদ পালন করছি।”
এদিকে পাশের উপজেলা ফরিদগঞ্জের টোর মুন্সীর হাট, সাচনমেঘ ও উভরামপুর গ্রামের একাধিক ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুসারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
তবে এসব এলাকায় সরকার ঘোষিত নির্ধারিত তারিখে ঈদ উদযাপন করেন এমন মানুষের সংখ্যাও কম নয়। তারা শনিবার ঈদ উদযাপন করবেন।
স্থানীয়রা জানান, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।
চাঁদপুর জেলায় যেসব গ্রামে শুক্রবার ঈদ উদযাপন হচ্ছে তার মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানি এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কিছু গ্রাম।
দিনাজপুর
আরবের সঙ্গে মিল রেখে সকাল ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
এখানে দুই শতাধিক নারী-পুরুষ নামাজে অংশ নেন। এতে ইমামতি করেন বিরল উপজেলার মহেশপুর দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক। এখানে পৃথক ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন।
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “এই বিশ্বে চন্দ্র-সূর্য্য একটাই। পৃথিবীর যে কোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ নামাজ আদায় করতে হবে। সেই আলোকেই আমরা সৌদির সঙ্গে রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি।”
তিনি জানান, তাদের আন্যান্য অনুসারীরা চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর, বীরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় শুক্রবার ঈদের নামাজ আদায় করেছেন।
ফরিদপুর
বোয়ালমারীর ১০ গ্রামে শুক্রবার ঈদ উদযাপন করেছে কিছু মানুষ। তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরিফের অনুসারী।
স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল ৯টা ও মাইটকুমরা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও মাইটকুমরা লস্করবাড়ি জামে মসজিদে সাড়ে ৯টা এবং সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায় নামাজ আদায় শেষ করেন মুসলমানরা। নামাজ শেষে তারা কোরবানি দেন।
শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম বলেন, “আমার বাবা এক সময় এখানে ঈদের নামাজ পড়াতেন। পাঁচ বছর ধরে বাবার পর থেকে আমি এখানে নামাজ পড়াই। আজকে আমরা ঈদুল আযহার নামাজ শেষ করেছি।”
সহস্রাইল দায়রা শরিফের সমন্বয়কারী কাঁটাগড় গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক মো. মাহিদুল হক জানান, শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০ গ্রামের আংশিক লোকজন ঈদ উদযাপন করেছে।
এ ব্যাপারে শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা বলেন, “ছোটবেলা থেকে দেখে আসছি শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের আংশিক মানুষ দীর্ঘদিন যাবত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদযাপন করেন।”
জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৭টি গ্রামের মানুষ শুক্রবার ঈদ উদযাপন করছেন।
উপজেলার বলারদিয়ার, দক্ষিণ বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, বালিয়া, বনগ্রাম, করগ্রাম, হোসনাবাদ, বাউসী, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, পুঠিয়ারপাড়, বগারপাড়, লোটাবর, উচ্চগ্রাম ও পাটাবুগা গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেছেন।
সকাল সোয়া ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টারবাড়ি জামে মসজিদ ঈদগাঁ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন ইমামতি করেন।
আজিম উদ্দিন বলেন, “আমরা রমজানের রোজা থেকে শুরু করে সব ধর্মীয় আচার-অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে থাকি।”
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ি, ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঈদের জামাতে নামাজ আদায় করেন মানুষজন।
চিলমারী উপজেলাধীর ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের নামজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন নারী ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।
রৌমারী থানার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হিজবুল্লাহ। জামাতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন নারী ঈদের নামাজ আদায় করেন।
রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মাঠে মাওলানা আব্দুল হাকিমের ইমামতিত্বে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ৭০-৮০ নারী-পুরুষ নামাজ আদায় করেন।
ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার ২০ গ্রামের প্রায় ৭০-৮০ জন ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম।
এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রামে ঈদ উদযাপন হয়েছে।
মাদারীপুর
মাদারীপুরে ঈদ উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ। শুক্রবার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান জামাত পড়ান তাল্লুক গ্রামের মৌলভী বাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। নামাজ আদায় শেষে কোলাকুলি করে একে অপরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পরে পশু কোরবানি করা হয়।
জানা যায়, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ করেন।
তারই ধারাবাহিকতায় সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ি, বাহেরচর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের মানুষ ঈদ উৎসব পালন করছেন।
সুরেশ্বর দরবার শরিফের মুরিদ মো. সাগর দেওয়ান বলেন, প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বছরে রোজা রাখা ও ঈদ উদযাপন করা হয়।
মৌলভীবাজার
মৌলভীবাজারের সার্কিট হাউজ এলাকায় শুক্রবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ফিলিস্তিনিসহ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সংঘাত নিরসন ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠায় দোয়া করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। এতে কয়েকশ মানুষ অংশ নেন। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল।
ঈদ জামাতের আয়োজক ও ইমাম আব্দুল মাওফিক চৌধুরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯ বছর ধরে তারা ঈদ করে আসছেন।
নামাজের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিল।
ঈদের নামাজ শেষে তারা কোরবানি করেন।
ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া সুরেশ্বরীয়া বেলায়েতীয়া পাক দরবার শরিফ মাঠে শুক্রবার সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নামাজ শুরু হলেও সাড়ে ৮টা থেকেই মানুষজন আসতে শুরু করেন। ২০তম ঈদের নামাজে ইমামতি করেন ক্বারি মাসুদ মিয়া সুরেশ্বরী।
নামাজ শেষে নূর ইসলাম বলেন, “সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা বেশ কয়েক বছর ধরে নামাজ আদায় করছি। প্রতি বছরেই আমাদের সংখ্যা বাড়ছে। তরিকতের ভাইয়েরা এক সঙ্গে নামাজ পড়ার আনন্দই আলাদা।”
মো. আলমগীর বলেন, “আমরা সুরেশ্বরীর অনুসারী। নামাজ শেষে মিষ্টি খেয়েছি মাঠেই। এটি একটি বাড়তি আনন্দ। তবে আমরা অনেকেই সবার সঙ্গে এক হয়ে আগামীকাল (শনিবার) কোরবানি করব।”
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মো. আবু সাঈদ বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাব, তারা যেন সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে নামাজ আদায় করে।”
অপরদিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাট পাগলা পশ্চিম পাড়া গ্রামেও শুক্রবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় হাট পাগলা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মো. আনারুল ইসলাম।
কোতোয়ালি মডেল থানার এসআই স্বপন আকন্দ বলেন, “চর ঝাউগড়ায় পুলিশ সদস্যরা ছিলেন। নামাজ শেষ হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।”
পটুয়াখালী
প্রতি বছরের মত পটুয়াখালীর ২৫ গ্রামে শুক্রবার ঈদ উদযাপন হয়েছে।
সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফের সেজ হুজুর আরিফ বিল্লাহ রব্বানী।
নামাজ শেষে গ্রামের সামর্থবানরা পশু কোরবানি করেন।
বদরপুর দরবার শরিফের সেজ হুজুর আরিফ বিল্লাহ রব্বানী জানান, ১৯৪০ সাল থেকে বদরপুর দরবারসহ জেলার বিভিন্ন উপজেলার ২৫ গ্রামবাসী চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ উদযাপন পালন করে আসছেন।
সমগ্র মুসলিম জাতিকে এক চাঁদ দেখে, এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন ও কোরবানিসহ সব ধর্মীয় কাজ পালনের আহ্বানও জানান তিনি।
চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসেবে পরিচিত এসব গ্রামের ঘরে ঘরে বইছে ঈদ আনন্দ।
শেরপুর
শেরপুরের সাত গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে।
সদর উপজেলার উত্তর চরখার চর, দক্ষিণ চরখার চর, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া, গোবিন্দ নগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও ও চতলে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এসব জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেক জামাতে ২০০ থেকে ৩০০ মানুষের উপস্থিতি দেখা গেছে। নারীরা আলাদাভাবে নামাজ আদায় করেছেন।
সাতক্ষীরা
বরাবরের মত এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা সদর ও তালা উপজেলার ২০টির বেশি গ্রামে ঈদ উদযাপন হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
ইসলামকাটি, গোয়াল চত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা এসব জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় রবিউল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
নামাজ শেষে এসব গ্রামের মানুষজন পশু কোরবানি দেন।
