২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ২০ জনকে উদ্ধার, ৩ দালাল আটক

“তাদের মোটা অংকের টাকার বিনিময়ে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করেছিল।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 07:12 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

কক্সবাজারে টেকনাফের সাগর উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করার সময় ৮ বাংলাদেশি নাগরিক ও ১২ রোহিঙ্গাকে উদ্ধার এবং ৩ দালালকে আটক করেছে পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।

আটকরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার দীল মোহাম্মদের স্ত্রী লুনা বেগম (৩৬) ও একই এলাকার  মো. ইউনুছের ছেলে মো. রিদুয়ান (১৯) এবং সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার সাকের হোসাইনের ছেলে মো. আব্দুল্লাহ (২১)।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের এবং বাংলাদেশি নাগরিকরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি গিয়াস বলেন, “দক্ষিণ লম্বরী এলাকার এক ব্যক্তির ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাসহ বেশ কিছু লোকজন জড়ো করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘিরে ফেললে ৫-৬ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে।

“এ সময় ধাওয়া দিয়ে তিন জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে নারীসহ ১২ জন রোহিঙ্গা এবং ৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়।” 

আটক দালাল ও উদ্ধার হওয়াদের স্বীকারোক্তির বরাতে ওসি বলেন, “আটক দালালরাসহ চক্রটির সদস্যরা উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মোটা অংকের টাকার বিনিময়ে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করেছিল।”

দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।