নারায়ণগঞ্জে হাজার কেজির ‘ভাগ্যলক্ষ্মী’কে কিনলে খাসি ফ্রি
গরুটির দাম সাড়ে ১৫ লাখ টাকা হাঁকছেন তার মালিক আব্দুল কাদের। তবে এখন পর্যন্ত ৯ লাখ টাকার প্রস্তাব এসেছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরীর অস্থায়ী হাটের হাসিল কাউন্টারের পাশেই বেঁধে রাখা হয়েছে বিশাল আকৃতির ‘ভাগ্যলক্ষ্মী’কে৷ প্রায় এক টন ওজনের এই গরুটি কিনলে ৬০ কেজির একটি খাসি ফ্রি দিবেন বলে ঘোষণা দিয়েছেন তার মালিক।
‘ভাগ্যলক্ষ্মী’কে হাটে নিয়ে এসেছেন টাঙ্গাইলের নাগরপুরের আব্দুল কাদের। ২৮ বছর বয়সী এই যুবক একটি ওষুধ কোম্পানিতে চাকরির পাশাপাশি চার বছর ধরে গরুটিকে লালন-পালন করছেন।
শনিবার বিকালে হাটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় কাদেরের৷ তিনি জানান, আদর করে ‘ভাগ্যলক্ষ্মী’ নাম দেওয়া গরুটি হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের। প্রায় এক হাজার কেজি ওজনের গরুটি নিয়ে বৃহস্পতিবার নৌপথে ট্রলারে করে এ হাটে এসেছেন।
গরুটির দাম সাড়ে ১৫ লাখ টাকা হাঁকছেন তিনি৷ গরুটি যিনি কিনবেন তিনি বিনামূল্যে পাবেন ৬০ কেজি ওজনের একটি খাসি৷ এখন পর্যন্ত ক্রেতাদের পক্ষ থেকে ৯ লাখ টাকা প্রস্তাব এসেছে বলেও জানান কাদের৷
তার আনা ‘ভাগ্যলক্ষ্মী’ এ হাটের অন্যতম আকর্ষণ৷ হাটের মাইকেও সাদা-কালো রঙের গরুটির বৈশিষ্ট্য ও আকারের তথ্য জানানো হচ্ছিল৷ বিশাল আকৃতির গরুটিকে ঘিরে হাটে আসা উৎসুক লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ কেউ কেউ ‘ভাগ্যলক্ষ্মী’র সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করছিলেন মোবাইলে৷
কাদের জানান, চার বছর আগে বাছুর অবস্থায় স্থানীয় এক বেপারীর কাছ থেকে গরুটি কিনেছিলেন তিনি৷ স্বাস্থ্যবান বাছুরটির ওজন ওই সময় ছিল ২০০ কেজির মত৷
চাকরির পাশাপাশি নিজেই গরুটি পালনের ক্ষেত্রে খুব সচেতন ছিলেন বলে জানান কাদের৷ প্রাকৃতিক খাবার- খড়, ভূষি, খইলের বাইরে মোটাতাজাকরণের জন্য অন্য কোনো কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করেননি বলে দাবি তার৷
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাদের বলেন, “হলেস্টাইন ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের গরু বেশ স্বাস্থ্যবান হয়৷ এগুলো শান্ত প্রকৃতির হয়৷ ভালোভাবে যত্ন নিলে এবং নিয়ম অনুযায়ী কৃমিনাশক, ক্যালসিয়াম ও ভিটামিন ওষুধ করলে মোটাতাজাকরণের জন্য কৃত্রিম কোন ওষুধ প্রয়োগ করতে হয় না৷
“কেবল সুস্থতার দিকে নজর রাখলেই এ জাতের গরু অল্প সময়ে বেশ স্বাস্থ্যবান হয়ে ওঠে৷”
খালাতো ভাই মোহাম্মদ রাশেদকে নিয়ে হাটে এসেছেন কাদের৷ একটি গরুই এনেছেন তিনি৷ রাত্রিযাপন করছেন পালিত পশুর সঙ্গে হাটের ভেতরেই৷ ক্রেতার সঙ্গে দামে মিলে গেলে বিক্রি করে ফিরবেন গ্রামে৷
এ হাটে দেখা মিলেছে আরো দু'টি বড় আকারের গরুর৷ সেগুলো প্রতিটিরও ওজন হাজার কেজির উপরে বলে জানান বেপারী আবু বক্কর৷
উচ্চতায় সাড়ে সাত ফুট এবং লম্বায় ১২ ফুট আকারের তুলনামূলক বড় গরুটির নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’৷ গরুটির ওজন প্রায় ৩৫ মণ বলে জানান বেপারী৷ সাদা-কালো রঙের গরুটির দাম তিনি হাঁকছেন ১৬ লাখ টাকা৷
আর ২৫ মণ ওজনের আরেকটি কালো গরুর নাম রেখেছেন ‘ডিপজল’৷ যেটি তিনি বিক্রি করতে চান ১২ লাখে।
বেপারী আবু বক্করের বাড়ি সিরাজগঞ্জের শাহ্জাদপুর উপজেলায়৷ দুই দশকেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে আসেন তিনি৷
এবার স্নাতকপড়ুয়া ছেলে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে ২২টি গরু এ হাটে তুলেছেন৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাগুলোতে এবার ১৭টি অস্থায়ী হাটের ইজারা দেওয়া হয়েছে৷ নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ইব্রাহিম টেক্সটাইলের বালুর মাঠের অস্থায়ী এ পশুর হাটটির ইজারা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম৷
কয়েক বছর ধরে হাটটির ইজারা নিয়ে পরিচালনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা৷ হাট পরিচালনার লভ্যাংশ মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে ভাগ করে দেওয়া হয় বলে জানান হাটের ইজারাদার শাহ্ আলম৷
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই হাজার গরু উঠেছে এ হাটে৷ গরুর পাশাপাশি ছাগল ও ভেড়াও এনেছেন বেপারীরা৷ ক্রেতাদের আনাগোনা রয়েছে, তবে এখনো বিক্রি তেমন হচ্ছে না৷ কোরবানির সময় যত সামনে আসবে বিক্রি তত বাড়বে৷
হাটে আসা বেপারীদের নৌ ও সড়কপথের বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন এ ইজারাদার৷
তিনি বলেন, গতবারের তুলনায় গরু কম উঠেছে হাটে৷ বিভিন্ন জায়গায় জোর করে বেপারীদের গরু নামিয়ে রাখা হচ্ছে৷
এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি৷
