১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একই আসনে পুরো বিজয়নগর রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

অবরোধের কারণে মহাসড়কের দু-দিকে যানবাহন আটকা পড়েছে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 01:18 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে একই আসনে রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উপজেলাটির বাসিন্দারা।

রোববার সকাল ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম। 

এ বিষয়ে বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ইমাম হোসেন বলেন, “আমরা অখন্ড বিজয়নগর চাই। এ দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।  এতে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের দুইটি ইউনিয়ন চান্দুরা, বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে আলাদা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে।

এতে বিজয়নগরের মানুষ অসন্তোষ প্রকাশ করে আন্দোলন করছেন। তারা বলছেন, বিজয়নগরের ১০টি ইউনিয়নকে তারা বিভক্ত দেখতে চান না। তারা উপজেলার ১০টি ইউনিয়নকে পূর্বের নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) এর সঙ্গে যুক্ত করে অখণ্ড বিজয়নগর রাখার দাবি জানান। 

এদিকে বিক্ষোভকারীদের অবরোধের কারণে মহাসড়কের দু-দিকে যানবাহন আটকা পড়েছে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

ঢাকা থেকে ছেড়ে আসা এনা বাসের যাত্রী সেলিম মিয়া বলেন, “আমি ঢাকা থেকে সিলেট যাব, একটি কনফারেন্সে যোগ দিতে। কিন্তু এখানেই বসে আছি দেড়ঘণ্টা হয়ে গেছে! কবে আন্দোলন শেষ হবে সেটাও কেউ বলতে পারছে না।”

ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারীরা যেন কোনো গাড়ির ক্ষতি না করতে পারে আমরা তৎপর আছি। চেষ্টা করছি যেন দ্রুত যানবাহন চলাচল করতে পারে।”

আগের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় আসন পুনর্বিন্যাস: প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ