২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে জীবন দিয়ে রক্ষা করতে হবে: নাহিদ ইসলাম

কক্সবাজারের কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে জীবন দিয়ে হলেও রক্ষা করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

কক্সবাজারের কুতুবদিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনি জনসভায় তিনি বলেছেন, “ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে জীবন দিয়ে হলেও ভোটাধিকার রক্ষা করতে হবে।”

মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার দুপুরে জনসভায় বক্তব্যের শুরুতে কুতুবদিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “রোদের মধ্যে দীর্ঘ সময় ধরে আপনারা জনসভায় উপস্থিত রয়েছেন। আপনাদের এই উপস্থিতিই প্রমাণ করে- কুতুবদিয়ার মানুষ ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটকে বিজয়ী করতে প্রস্তুত।”

স্থানীয় বিভিন্ন সমস্য ও উন্নয়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, “কুতুবদিয়ার লবণচাষিরা আজ ন্যায্যমূল্য পায় না। দেশে পর্যাপ্ত লবণ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও বাইরে থেকে লবণ আমদানি করা হয়েছে।

প্রশ্ন হল- আমার দেশে লবণ থাকতে বাইরে থেকে লবণ কেন আনব? আমরা লবণ আমদানি করব না, লবণ রপ্তানি করব।”

লবণ, পান ও মৎস্যনির্ভর কুতুবদিয়ার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনসিপি নেতা বলেন, “কুতুবদিয়ার লবণচাষি, পানচাষি ও মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। এ অবস্থার পরিবর্তন সম্ভব একমাত্র ১১ দলীয় জোটের প্রার্থী হামিদুর রহমান আজাদের নেতৃত্বেই।

“হামিদুর রহমান নির্বাচিত হলে কুতুবদিয়ার লবণচাষি, পানচাষি ও মৎস্যজীবীরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে, এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে।”

নাহিদ ইসলাম বলেন, “এই দ্বীপ উপজেলা কুতুবদিয়া বহু বছর ধরে অবহেলিত। এখানে চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের সংকট রয়েছে। অথচ লবণ, পান ও মৎস্য- খাতই কুতুবদিয়াকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করতে পারে।”

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “৫ অগাস্টে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা ভোটাধিকার নিয়ে কথা বলছি। এ নির্বাচন সেই গণ-অভ্যুত্থানের ফল। এর মধ্য দিয়েই নতুন বাংলাদেশ ও নতুন কুতুবদিয়া গড়ার সুযোগ এসেছে।”

কুতুবদিয়ার অবকাঠামোগত সংকট তুলে ধরে তিনি বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বেড়িবাঁধ ও ফেরিঘাট। ইনশাআল্লাহ, হামিদুর রহমান আজাদ সংসদে গেলে কুতুবদিয়ায় ফেরিঘাট হবে, বেড়িবাঁধ নির্মাণ হবে। আগামী পাঁচ বছরে কুতুবদিয়ার চেহারা বদলে যাবে।”

১১ দলীয় ঐক্যজোটের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, “আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বাংলাদেশকে দুর্নীতি ও আধিপত্যবাদ থেকে মুক্ত করতে। কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ- দিল্লি থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।”

জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম ও খেলাফত মজলিসের শীর্ষ নেতা এবং ১১ দলীয় জোট ও এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।