২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৪

কেন্দুয়া থেকে যাত্রী নিয়ে মদনে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 07:14 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

নেত্রকোণার মদন উপজেলায় অটোরিকশার সঙ্গে ট্রলির সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও চারজন।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান। 

নিহত মো. হাফিজুর রহমান (৫৫) কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামের প্রয়াত খোদে নেওয়াজের ছেলে।

আহতরা হলেন- অটোরিকশা চালক তামিম হোসেন (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাকি আক্তার (৩০) এবং মিনতী (১৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের বরাতে ওসি নাহিদ হাসান জানান, দুপুরে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনে যাচ্ছিল। পথে মদন থেকে আসা মালবোঝাই শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাফিজুর মারা যান।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আহত তামিম, রহিমা আক্তার ও লাকি আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।