২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লরি থেকে জ্বালানি তেল নামানোর সময় অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ

কলসিন্দুর বাজারে এ ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 01:14 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় লরি থেকে দোকানে জ্বালানি তেল নামানোর সময় অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন।  

সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার কলসিন্দুর বাজারে মানিক মিয়ার দোকানে এ ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান।  

দগ্ধরা হলেন- কলসিন্দুর বাজারের বাসিন্দা মানিক মিয়া (৪২), মফিজুল (৩৫) ও জুনায়েদ (৮)। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানান, মানিক মিয়ার দোকানটি বেশ বড়। লরি থেকে জ্বালানি তেল নামানোর সময় হঠাৎ করেই আগুন লেগে যায়। তখন স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। 

পাশাপাশি দগ্ধদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তিনজনকেই ঢাকায় স্থানান্তর করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধোবাউড়া স্টেশনের পরিদর্শক মেহেরুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দ্বগ্ধদের হাসপাতালে পাঠান।” 

তিনি বলেন, “দোকানটিকে ‘মিনি পাম্প’ বলে দাবি করা হলেও এর কোনো অনুমোদন নেই।”

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।