যশোরে গাড়ির ধাক্কায় মোটসাইকেল চালকের মৃত্যু
তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোরের ঝিকরগাছায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাতে চারাতলা এলাকার সেলিম ট্রাক সার্ভিসিং সেন্টারের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার ওসি মোহম্মদ মহসিন।
নিহত ৩০ বছর বয়সী বিপ্লব হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন বলেন, “কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে করে বিপ্লব যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন।
“পথে একটি অজ্ঞাত পরিচয় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।”
প্রত্যক্ষদর্শী স্থানীয় তৌহিদ হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই বিপ্লবকে উদ্ধার করা হয়। ততক্ষণে তিনি মারা যান।”
মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি মোহম্মদ মহসিন বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
