২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা: জাবির তিন ছাত্রলীগ নেতা, দুই কর্মকর্তা আসামি

৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী শ্রাবণ গাজী গুলিতে নিহত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 04:09 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী শ্রাবণ গাজী (২০) নিহতের ঘটনায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতা ও দুই কর্মকর্তাসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

বৃহস্পতিবার নিহত শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী বাদী হয়ে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে মামলাটি করেন বলে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান। 

নিহত শ্রাবণ গাজী ঢাকা জেলার সাভার উপজেলার ডেইরি ফার্ম এলাকার বাসিন্দা।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ও কর্মকর্তা নাহিদুর রহমান সাগর। 

এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা-১৯ এর সদ্য সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আ. গণি, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজন, সেলিম মন্ডলকে হুকুমের আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনের দিন সাভার নিউমার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রাবণ গাজীকে আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এ সময় শ্রাবণ গাজী মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্রাবণ গাজীকে মৃত ঘোষণা করেন।