২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূর্ব শত্রুতার জেরে’ পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘পূর্ব শত্রুতার জেরে’ পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্ন
পিরোজপুর সদরে কুপিয়ে আহত গোলাম রসুলকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 04:22 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

‘পূর্ব শত্রুতার জেরে’ পিরোজপুর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।

আহত গোলাম রসুল খান (৪৫) টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।

রসুলের ভাইপো রাসেল খান বলেন, টোনা বাজার এলাকায় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারি বাগান বিক্রি করা নিয়ে রসুলের সঙ্গে একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল ও জালালের বিরোধ চলছিল।

“সকালে রসুল বাজারের দিকে গেলে প্রতিপক্ষের কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এক পর্যায়ে হামরাকারীরা কুপিয়ে রসুলের পা বিচ্ছিন্ন করে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।”

তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক আফিস আহমেদ জানান, সকালে গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত ছিল। এর মধ্যে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল।

অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ওসি আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আর মামলা প্রক্রিয়াধীন।