২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাট, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

“পাভেলকে গুলিবিদ্ধ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 06:52 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া থানা আক্রমণের সময় গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে।

নিহত কামরুল ইসলাম পাভেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাইল গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে। 

সোমবার বিকালে সিলেট কোতোয়ালি থানা আক্রমণের সময় পাভেল গুলিবিদ্ধ হয়েছিল বলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম জানিয়েছেন।

ঢাকাদক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম আহমদ বলেন, “পাভেলকে গুলিবিদ্ধ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার বাড়ির লোকজন জানিয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে দাফন করা হয়।”

যেসব স্থানে ভাঙচুর-লুটপাট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরের পর সোমবার সিলেটে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাট শুরু হয়।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘চেতনা-৭১’ভাস্কর্য ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকালে ফের কোতোয়ালি থানা প্রাঙ্গণে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার বেলা সোয়া তিনটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে অগ্নিসংযোগ করে একদল লোক। এ সময় পাশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেও হামলা চালানো হয়।

সোমবার সিলেটের পুলিশ সুপার আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আমরা কাজ করছি। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে।"

একইদিন বিকালে হামলা ও লুটপাট করা হয় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, তার অফিস ছাড়াও সরকারি বহু স্থাপনায় হামলা-লুটপাট করার খবর পাওয়া গেছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা থানা-ফাঁড়িতেও হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে। নগরীর উপশহরের এসএমপি কমিশনার, উপকমিশনারের (দক্ষিণ) কার্যালয়, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, কোতোয়ালি থানা, বন্দরবাজার, লামাবাজার ফাঁড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।

সোমবার সন্ধ্যায় হামলার চেষ্টা হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে। এ সময় কারারক্ষী ও নিরাপত্তাকর্মীরা তা প্রতিহত করেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন,"হামলার চেষ্টা করা হয়েছিল। আমরা সেটি ঠেকাতে পেরেছি। পরে সেনাবাহিনী এসে অবস্থান নিয়েছে।"

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরীর শাপলাবাগ এলাকায় যান। সেখানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপির বাসায় হামলা, নগরীর আম্বরখানা এলাকায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকার, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন, নগরভবন এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের বাসায়ও হামলা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের শ্বশুরবাড়িতেও আক্রমণ হয়েছে। সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলা ও ভাঙচুর হয়। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের কার্যালয়।

সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মখলিছুর রহমান কামরানের কার্যালয়েও হামলা করা হয়। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজের বাসা ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসায়ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। রেজওয়ানের বড় ভাই সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ও জাসদ সিলেটের সভাপতি লোকমান আহমদ।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম সোবহান চৌধুরীর বাসভবনও আক্রান্ত হয়েছে।

নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী এবং সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের ফার্মেসি ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ভাঙচুর ও লুটপাট হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহাতেও। এছাড়া নগরীর ধোপাদিঘিরপার এলাকার হোটেল অনুরাগসহ নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দরের নির্মাণ সামগ্রী লুটপাটের পাশাপাশি দুটি এক্সেভেটর ও একটা চেইন ডোজারসহ বিভিন্ন উপকরণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভোলাগঞ্জ পর্যটন দেওয়াল, ভোলগঞ্জ পুলিশ ফাঁড়িসহ ১০ নম্বর ঘাটের বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়েছে। পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় লুটপাট করা হয়েছে পাথরও।