কুমিল্লায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ৩
একজনের নামে ১৯টি ও অন্য দুজনের নামে ডাকাতি- চুরি-ছিনতাইসহ ১৫টি মামলা রয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপ্রতি বাজারে একটি পিকআপকে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস জানান।
গ্রেপ্তাররা হলেন- চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো. শাহ আলম (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের জহিরুল ইসলাম (৪৫) ও চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের মো. খলিল শেখ (৫৭)।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি পিকআপ জব্দ করা হয়।
ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, মঙ্গলবার গভীর রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে বড়শালঘর ইউনিয়নের প্রজাপ্রতি গ্রামের বাজারে সন্দেহভাজন একটি পিকআপ দেখে থামানোর জন্য বললে চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পেছন থেকে ধাওয়া করে পিকআপটি আটক করা হলেও ৬-৭ জন পালিয়ে যান।
পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। পিকআপে তল্লাশি চালিয়ে চারটি রামদা, একটি কিরিচ, তিনটি পাইপ, একটি লোহার রড ও রশি জব্দ করা হয়।
শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, গ্রেপ্তার জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহ আলমের নামে আটটি ও খলিলুর রহমানের নামে সাতটি চুরি-ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।
বুধবার বিকালে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
