১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাদি হত্যার বিচার ও গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ

“ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এতোদিন পার হয়ে গেলেও মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে তার নিজ জেলা ঝালকাঠিতে বরিশাল-খুলনা মহাসড়ক তৃতীয় দিনের মতো অবরোধ করে করেছেন ছাত্র জনতা। 

রোববার বেলা ২টার দিকে শহরের কলেজমোড় এলাকায় তারা জড়ো হন। পরে মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়; ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

ঝালকাঠির সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “অবরোধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা আন্দোলনকারীদের বোঝানার চেষ্টা করছি।”

অবরোধে অংশ নেওয়া ঝালকাঠি গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর বলেন, “ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এতোদিন পার হয়ে গেলেও মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি।

“আমাদের ভাইয়ের হত্যার বিচার যতদিনে না পাবো ততদিন আমাদের সংগ্রাম চলতেই থাকবে। আমার ভাই হাদি শহিদ হয়েছেন প্রয়োজনেও আমরাও শহিদ হবো। আমরা দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। যারা হামলা চালাচ্ছে, তাদের এখন পর্যন্ত সরকার গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, আমরা হাদি ভাইর হত্যার বিচারের দাবিতে বিগত কিছু দিন ধরে আন্দোলন করে এসেছি। এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক আমাদের কাছে এসে আমাদের দাবিটা কি, সেটাই শোনেনি। 

“আজকে যতক্ষণ পুলিশ প্রশাসনের কেউ না আসবে ততক্ষণ আমরা সড়ক অবরোধ ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের আসতেই হবে।”

এদিকে এ বিষয়ে জানতে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে ফোন দিলে তিনি কেটে দেন।