Published : 09 Jun 2026, 03:00 PM
রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিলটি বের করা হয়।
কয়েক মিনিট স্থায়ী ওই মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে।
মিছিলে কারা অংশ নিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “মিছিলের বিষয়টি নজরে এসেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি যারা করেছে, তাদের রিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’- স্লোগানসংবলিত লেখা দেখা গেছে। তাতে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের ছবিও ব্যবহার করা হয়েছে।
মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করেই মিছিলটি বের করা হয়। অল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা চলে যান। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল।
তবে মাস্কবিহীন অংশগ্রহণকারীদের মধ্যে পবা উপজেলার কাটাখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকেও দেখা গেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “কারা মিছিলে উপস্থিত ছিলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”