স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে যৌন নিপীড়নের শিকার, ৩ যুবক আটক
অভিযোগের বরাতে পুলিশ জানায়, ওই দম্পতি জামালপুরের বালিজুড়ি বাজারে ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বামীর সামনে ঘুরতে বেরিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে পৌর এলাকার খরকা বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি শাকের আহমেদ জানান।
রাতেই মামলার পর মঙ্গলবার বিকালে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম সামী (২২), সাইফ (২৫) ও জাহিদ (১৯)।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, ওই দম্পতি বালিজুড়ি বাজারে ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে কয়েক যুবক তাদের গতিরোধ করে। পরে তাদের সঙ্গে আরও লোকজন যোগ দেয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন যুবক মিলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে ফেলে।
তারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। তখন দুজনে বাধা দেন। এ সময় গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে যুবকরা।
একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে যুবকরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা দুটি মোবাইল ফোন ও অর্থ নিয়ে যায়।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ করেন।
ওসি শাকের আহমেদ বলেন, “তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
