১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তনু হত্যা: ২৪ ঘণ্টা পেরোলেও আত্মসমর্পণ করেননি আসামি হাফিজুর

বৃহস্পতিবার তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর রহমানের জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 11:13 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আদালতের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করেননি। 

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর রহমানের জামিন আদেশ স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতের আত্মসমর্পণের নির্দেশ দেন। তিনি যদি আত্মসমর্পণ না করেন তবে তাকে গ্রেপ্তারের আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়। 

এর আগে রোববার হাই কোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জ্যেষ্ঠ জেল সুপার মো. শাহ আলম খান জানিয়েছিলেন। 

তারপরই রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হয়ে আপিল বিভাগে গেলে আদালত আসামির জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।     

শুক্রবার সন্ধ্যায় সেই নির্ধারিত পেরোলেও আসামি হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি; তাকে কারাগারেও পাঠানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, “শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি।”

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শাহ আলম খান বলেন, “সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি বলে জেনেছি।”

এ ব্যাপারে জানতে মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলামকে রাতে মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। 

তনু হত্যা মামলা হয়েছিল কুমিল্লার কোতোয়ালী মডেল থানায়। 

আসামি আত্মসমর্পণের বিষয়ে জানতে চাইলে সেই থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এখন আর এই মামলার কোনো কাজ এখানে নেই। এখানে শুধু মামলাটি হয়েছে।

দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পর দিন তাকে কুমিল্লা আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ডিএনএ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন:

তনু হত্যার আসামি হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

তনু হত্যায় সাবেক সেনা সদস্যসহ আরও দুজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১০ বছর আগের তনু হত্যায় প্রথম গ্রেপ্তার, সাবেক ওই সেনা সদস্য রিমান্ডে

কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

সেই রাতে তনুর বাবার দেখা ওই তিন ব্যক্তি কারা?

তনু হত্যা: আট বছরেও অধরা হত্যাকারীরা