২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদী‌চী, ছায়ানট ও গণমাধ‌্যমে হামলার প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

“এসব সংগঠন শা‌ন্তির কথা ব‌লে, প্রগ‌তির কথা বলে। যে কার‌ণে এসব সংগঠনগু‌লোর ওপ‌রে নগ্ন হামলা চালা‌নো হ‌য়ে‌ছে।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

উদী‌চী, ছায়ানট কার্যালয় ও গণমাধ‌্যম কার্যালয়ে হামলা, ভাঙ্চুর ও অগ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে সাংস্কৃ‌তিক কর্মীরা।

বুধবার সকা‌লে ‘আলোর মিছিলে আধারের আঘাত, প্রতিবাদে জেগে উঠুক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রে‌খে রাজবাড়ী প্রেস ক্লা‌বের সাম‌নে ঘণ্টাব‌্যা‌পী এ বি‌ক্ষোভ সমা‌বেশ করা হয়। 

রাজবাড়ী সাংস্কৃ‌তিক ঐক‌্য প‌রিষদের আ‌য়োজ‌নে এ বি‌ক্ষোভ সমা‌বে‌শে জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ ব‌লেন, “উদীচী, ছায়ানট সম্প‌র্কে আপনারা সবাই জা‌নেন। কেউ বল‌তে পারবে না এসব সংগঠ‌নের কেউ কাউকে অপমান ক‌রে‌ছে, কারও সঙ্গে খারাপ আচরণ ক‌রে‌ছে। 

“এসব সংগঠন শা‌ন্তির কথা ব‌লে, প্রগ‌তির কথা বলে। যে কার‌ণে এসব সংগঠনগু‌লোর ওপ‌রে নগ্ন হামলা চালা‌নো হ‌য়ে‌ছে। হামলায় এসব সংগঠ‌নের শতশত পান্ডু‌লি‌পি, নথিপত্র, ইতিহাস-ঐতিহ‌্য পু‌ড়ি‌য়ে ফেলা হ‌য়ে‌ছে।”

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব ঘটনায় জড়িত ও উস্কানিদাতাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।  

সমাবেশে দৈনিক সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনের সঞ্চালনায় ও জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে আরও বক্তব‌্য রা‌খেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী মো. গোলাম আলী, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।

বিক্ষোভ সমাবেশ শে‌ষে প্রতিবাদী গান গায় সংগঠ‌নের সদস‌্যরা।