২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার ঘটনায় যুবক আটক

আরেক যুবকের নাম জানা গেছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে, বলেন সহকারী পুলিশ সুপার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 12:16 AM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসুর বাবা-মা সহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক যুবককে থানায় নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার বিকালে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু এজাহার দেওয়ার পর রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে বলে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান জানান। তিনি বলেন, এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে এক দুর্বৃত্ত প্রবেশ করে। এই সময় বাড়িতে মা, বাবা ও প্রতিবেশি প্রীতি মালো অবস্থান করছিলেন। হঠাৎ প্রীতি বাড়িতে কারো উপস্থিতি টের পান। 

প্রীতি মালো বাদীর বাবাকে জানান, তারা যে ঘরে আছেন, সেই ঘরে কেউ একজন উকি দিচ্ছে। প্রীতি মালোর কথা শুনে বাদীর বাবা বিছানা থেকে নেমে বাইরে আসেন। 

সৌগত বসু বলেন, “আমাদের ঘর দুতলা হওয়ায় বাবা নিচতলার কক্ষগুলোতে খুঁজতে থাকেন। তবে কাউকে না পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। এই সময় প্রীতি মালো বাবার পেছন পেছন উঠছিলেন।” 

তিনি বলেন, “দুতলায় ওঠার শেষ সিঁড়িতে পৌঁছলে উপর থেকে অজ্ঞাত ব্যক্তিটি বাবার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।”

তিনি এজাহারে আরও উল্লেখ করেন, “ওই সময় প্রীতি মালো সিঁড়ির উপর উঠলে অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রীতিকেও আঘাত করে। প্রীতি মালোর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা দুজনেই নিচে নেমে আসে। এসময় প্রীতি অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ধারালো অস্ত্র কেড়ে নিতে গেলে সে প্রীতির হাতে কোপ দেয় ও মাথায় আঘাত করে। 

“শব্দ শুনে আমার মা সিঁড়ির মুখে এসে দাঁড়ালে অজ্ঞাতনামা ব্যক্তি মায়ের মাথায়ও স্টিলের লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় প্রীতি দৌড় দিয়ে বাড়ির প্রধান ফটক খুলে মানুষ ডাকতে থাকে। সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তিটি বাড়ি থেকে বের হয়ে যায়।”

সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে থানায় নিয়ে এসেছি। তার সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অন্য এক যুবকের নাম জানা গেছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” 

“ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে,” বলেন ইমরুল হাসান।

 আরো পড়ুন:

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ ৩জনকে কুপিয়ে জখম