২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বল পড়ল গিয়ে প্রতিপক্ষের জমিতে, সংঘর্ষে বৃদ্ধ নিহত

এতে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার দাবি করা হচ্ছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 11:17 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

নেত্রকোণার কেন্দুয়ায় খেলতে গিয়ে প্রতিপক্ষের জমিতে ফুটবল পড়ার জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হয়েছেন নারীসহ অন্তত ২৫ জন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল রহমান সাজু জানান। 

নিহত আব্দুল কাইয়ুম (৬৫) ওই গ্রামের বাসিন্দা। 

তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ইউপি সদস্য সাজু  ও  পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামে আধিপত্য নিয়ে বিবদমান দুপক্ষের বিরোধ ছিল। বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশে দুপক্ষের বিরোধ মেটানোর চেষ্টা করা হয়।  

শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় একটি পক্ষের শিশু-কিশোররা। খেলার এক পর্যায়ে বল চলে যায় প্রতিপক্ষ একজনের জমিতে।   

এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। 

সংঘর্ষে আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

সেখানে আব্দুল কাইয়ুমসহ ১৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু ময়মনসিংহে নেওয়ার পথে রাত পৌনে ৮টার দিকে আবুল কাইয়ুম মারা যান।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।