Published : 01 Feb 2026, 07:55 PM
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় হামলায় আহত কৃষকদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের হেলাল উদ্দিন (৫০) শনিবার রাতে হামলার শিকার হন।
রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে হেলাল উদ্দিনের পরিবারের এক সদস্যের মোবাইল ফোন হারানো যায়। এ নিয়ে বাড়িতে বৈঠক হয়। তখন হেলাল তার নাতিকে সবার সামনে ধমক ও গালিগালাজ করেন।
শনিবার রাত ১০টার দিকে হেলাল উদ্দিন বাজার থেকে বাড়ি পৌঁছামাত্র কয়েকজন তাকে পেছন থাকে মাথায় ও পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, “হেলাল উদ্দিন খুবই ভালো লোক ছিলেন। মনে হচ্ছে, তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি করছি।”
কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, এখনও কেউ অভিযোগ দেয়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।