বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
“হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোখলেছুর রহমান জানান।
নিহতের নাম ঢোলি খাতুন (৬০)। তিনি ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী।
মোখলেছুর বলেন, “রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মোটরসাইকেল ঢোলি খাতুনকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।
