১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযোগ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে

“সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি কিছু একটা বলতে চেয়েছিলেন; কিন্তু বলতে পারেননি।”

বগুড়ায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযোগ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে
বগুড়ার শেরপুরে নিহত আকবর আলীর পরিবারের সদস্যদের আহাজারি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 12:51 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

বগুড়ার শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শ্রমিক লীগের এক নেতা জড়িত বলে অভিযোগ  পরিবারের।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।

নিহত ৫৫ বছর বয়সী আকবর আলী ধড়মোকাম দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। 

নিহতের পরিবারের অভিযোগ, এ হত্যার সঙ্গে ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের আবদুল লতিফ (২৮) জড়িত। লতিফ শাহবন্দেগী ইউনিয়নের শ্রমিক লীগের সহসভাপতি।

নিহত আকবর আলীর ছেলে মো. শাহজামাল বলেন, লতিফের ফোন পেয়ে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে একজন প্রতিবেশী তার বাবার আহত হয়ে সড়কে পড়ে থাকার খবর দেন। 

“সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি কিছু একটা বলতে চেয়েছিলেন; কিন্তু বলতে পারেননি।”

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে আবদুল লতিফের সঙ্গে আকবর আলীকে একটি চায়ের দোকানে দেখা যায়। রাত ১১টার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন এলাকার কিছু লোক। তারা এগিয়ে এলে লতিফ পালিয়ে যান।

এ সময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়েছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর থেকে আব্দুল লতিফ পলাতক। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। 

ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা, চাদর ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।