খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত সব ধরনের দায়িত্ব থেকে তাকে বিরত থাকার নির্দেশনা আসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে।
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার বিকালে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসলীমা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বলে জেলা পরিষদটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ জানান।
চিঠিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষের বিনিময়ে শিক্ষক বদলি, ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ ও দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন।
অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ আরো বলেন, “আমরা মন্ত্রণালয় থেকে বিকালে একটি চিঠি পেয়েছি। উনাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।”
এর আগে ২০২৪ সালে ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েন জিরুনা ত্রিপুরা।
