মৌলভীবাজার-৪: চা বাগানের ভোটে নজর সবার
এই আসনের ৪০ শতাংশ ‘সংখ্যালঘু’ ভোটের অধিকাংশটাই (প্রায় ৭৫ শতাংশ) চা বাগানে।
জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে মৌলভীবাজার-৪ আসনটি একটু ব্যতিক্রম। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ‘সংখ্যালঘু’ ভোট প্রায় ৪০ শতাংশ।
এই ভোটের অধিকাংশটাই (প্রায় ৭৫ শতাংশ) আবার চা বাগানে। গত দুই দশকের নির্বাচনের ইতিহাস বলছে, চা বাগানে ভোটারের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ। এরাই ভোটে জয়-পরাজয় নির্ধারণ করে।
ফলে এই আসনে যে-ই প্রার্থী হন, তিনি সবসময় চা শ্রমিক ও ‘সংখ্যালঘু’ ভোট নিজের বাক্সে তোলার চেষ্টা করেন। এই চেষ্টায় বার বারই সফল হয়েছে আওয়ামী লীগ।
কিন্তু এবার পরিস্থিতি একেবারে বিপরীত। আওয়ামী লীগ মাঠে নেই। দলগতভাবে বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি হলেও; ধানের শীষের প্রার্থীকে হয়ত এখানে নিজের দলেরই একজন শক্তিশালী ‘স্বতন্ত্রকে’ মোকাবিলা করতে হবে।
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
এ ছাড়া জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, এনসিপির প্রিতম দাশ, গণঅধিকার পরিষদের হারুন অর রশিদ, বাসদের অ্যাডভোকেট আবুল হাসান, সিপিবির জলি পাল এবং বরুণা মাদরাসার মাওলানা নুরে আলম হামিদী ভোটের মাঠে রয়েছেন।
প্রত্যেক প্রার্থী নিজের কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলগুলোর তৎপরতা চোখে পড়ার মত। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ফলে চা বাগানগুলোতেও এখন এক ধরনের নির্বাচনি আমেজ চলে এসেছে। শ্রমিক পল্লীগুলো এই শীতের মধ্যেও জমজমাট হচ্ছে।
ভোটারদের ধারণা, যেহেতু এখানে বিএনপি থেকেই দুজন শক্তিশালী প্রার্থী আছেন এবং ভোট বিণ্যাসের বিষয়টি জেলার অন্য আসনগুলোর তুলনায় ভিন্ন- ফলে এখানে নির্বাচন জমজমাট হবে। আর অতীতে জামায়াতে ইসলামী এখানে বিভিন্ন সময়ে নির্বাচন করলেও উল্লেখযোগ্য ভোট কখনও তারা পাননি। ফলে বিএনপির সামনে এই আসনটি জয়ের একটি বিপুল সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা।
দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা চার লাখ ৮২ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪২ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ৮০৪ জন। দুই উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৩টি।
অতীত নির্বাচনের ইতিহাস বলছে, স্বাধীনতাত্তোর সময় থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এই আসনে টানা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ ইলিয়াস। ১৯৮৮ সালের নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি বর্জন করে। তখন জাতীয় পার্টির আহাদ মিয়া সংসদ সদস্য হন।
১৯৯১ সালে আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ জয় পান। মাঝখানে ১৯৯৬ সালে (ফেব্রুয়ারি) ১২ দিনের জন্য বিএনপির মো. শফিক মিয়া সংসদ সদস্য হন। কিন্তু ১৯৯৬ সালে জুনের ষষ্ঠ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিতেই জয়লাভ করেছেন মো. আব্দুস শহীদ।
এ থেকেই বোঝা যায়, এই আসনটি মূলত আওয়ামী লীগের ‘শক্তিশালী ঘাঁটি’ হিসেবে সুপরিচিত। এবার মাঠে আওয়ামী লীগ না থাকায় সেই ‘ভোট ব্যাংকে’ হানা দিতে মরিয়া সব প্রার্থী। এবং তারা সেভাবেই নিজেদের নির্বাচনি কৌশল সাজাচ্ছেন।
বিএনপি প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী অতীতে ধানের শীষ প্রতীক এবং স্বতন্ত্র উভয় ভাবেই নির্বাচন করেছেন। ২০০১ সালে স্বতন্ত্র এবং ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেন। প্রতিবারই দ্বিতীয় হয়েছেন।
২০০১ সালে মহসিন মিয়া মধু বিএনপির প্রার্থী হিসেবে লড়েও হাজী মুজিবুরের চেয়ে কম ভোট পেয়েছিলেন।
হাজী মুজিবুর আবার প্রয়াত আওয়ামী লীগ সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসের আপন ভাইপো। ফলে অনেকে মনে করেন, বিএনপির বাইরে আওয়ামী লীগের মধ্যেও তার ভোট রয়েছে। এবার হয়ত সেটা আরও বেশি প্রকাশ্য হবে।
২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকেই হাজী মুজিব গণসংযোগ চালিয়ে আসছেন। প্রার্থী ঘোষণার পর সেই প্রচেষ্টা আরও জোর পেয়েছে। ভোটের মাঠের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করছেন তিনি।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন বলেন, “হাজী মুজিব তার নিজের নামে গড়া ফাউন্ডেশনের মাধ্যমে শ্রীমঙ্গল-কমলগঞ্জে অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। সেটা এখনও অব্যাহত আছে।
“আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের রোষানলে পড়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি মাঠ ছাড়েননি। তাই দলমত নির্বিশেষে ভোটাররা হাজী মুজিবকেই ভোট দেবেন বলে আমরা আশাবাদী।”
মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল পৌরসভার পাঁচবারের নির্বাচিত মেয়র। পৌরসভায় আবার বিএনপির ভোট বেশি। মহসিন মিয়া বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক।
বিএনপি নেতাকর্মীদের দাবি, মহসিন মিয়া মেয়র থাকাকালে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। শ্রীমঙ্গল পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি চা বাগানের মালিক। সংগত কারণেই চা বাগানে তার একটা ভালো অবস্থান রয়েছে। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শ্রীমঙ্গল পৌর বিএনপির নেতা মো. সেলিম মিয়া বলেন, মহসিন মিয়া ২০০৭ সাল থেকে একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। তারপরও তিনি নেতাকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। তিনি ভোটের আলোচনায় কেন্দ্রবিন্দুতে আছেন।
“আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত শ্রীমঙ্গল গড়ে তোলার দৃঢ় প্রত্যয় থাকায় আওয়ামী লীগের ভোটাররাও মহসিন মিয়াকেই বেছে নেবেন বলে আমাদের বিশ্বাস।”
বিএনপির বিভক্তির সুযোগে জামায়াতে ইসলামী ‘ভাগ বসাতে’ মরিয়া হয়ে আছে। কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াত প্রার্থী কাজ করে চলেছেন বিরামহীন।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সিলেট জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
জামায়াতে ইসলামীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল বলেন, “তফসিল ঘোষণার অনেক আগে থেকেই মাঠে কাজ করছে আমাদের দল। ছয় মাস ধরেই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে-ওয়ার্ডে নির্বাচনি কমিটি গঠন করে মাঠে কাজ করছি আমরা।
“দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করায় জামায়াতের সঙ্গে ভোটারদের ভালো একটি সংযোগ স্থাপন হয়েছে। দেশের নিরাপত্তা ও মানুষের উন্নয়নে আমরা কাজ করব- সেটাই বলছি ভোটারদের।”
এনসিপির হয়ে ভোট প্রার্থনা করছেন দলটির যুগ্ম সদস্যসচিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাশ। আগে তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ছিলেন।
প্রার্থিতা ঘোষণার আগেই প্রীতমের পক্ষে এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতারা শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে সমাবেশ করেছেন। প্রীতম দলের নেতাকর্মীদের নিয়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদিতে অংশ নিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় প্রচার চালাচ্ছেন।
প্রীতম দাশের রাজনৈতিক সচিব রতন দেব বলেন, “৫ অগাস্টের আগ থেকেই প্রীতম দাশ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তিনি সাধারণ মানুষের মনের ভাষা বুঝেন, এজন্য তিনি তাদের অধিকার আদায়ে অনেক আগে থেকেই কাজ করছেন।
“আওয়ামী লীগ সরকারের সময়ে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে তাকে জেলও খাটতে হয়েছে। প্রীতম দাশ, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোটারদের দোয়া ও আর্শীবাদ নিচ্ছেন।”
গণঅধিকার পরিষদের প্রার্থী হারুন অর রশিদ দলের শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি। তিনি শ্রীমঙ্গল শহরেই বড় হয়েছেন। শহরের মানুষের সঙ্গে তার একটি ভালো সম্পর্ক রয়েছে।
সম্প্রতি শ্রীমঙ্গল শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বাসদের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসান ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে মাঠে সরব। শহরের পরিচিত মুখ তিনি। মানুষের অধিকার আদায় ও অন্যায়ের প্রতিবাদে তাকে সবসময় সোচ্চার থাকতে দেখা গেছে।
সিপিবি নেতা প্রভাষক জলি পাল প্রথমবারের মত নির্বাচন করছেন। এখানে চা শ্রমিকদের মধ্যে পার্টির কাজ রয়েছে। ফলে বাগানকেন্দ্রিক বেশি প্রচার চালাচ্ছেন তিনি।
