২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় গৃহবধূ হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

২০১৯ সালের ২৫ অক্টোবর মহিমা বেগমকে বিদ্যুৎস্পৃষ্ট করে আসামিরা হত্যা করেন।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রঞ্জুয়ারা শিপু।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার রায়হানপুর ইউনিয়নের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার (৫৯), তার দ্বিতীয় স্ত্রী এলাচী বেগম (৫০) এবং মেয়ের জামাই সুজন।

মামলার বরাতে আইনজীবী বলেন, কবির তালুকদার ও মহিমা বেগম ৩০ বছর আগে বিয়ে করেন। তাদের মেয়ে রেখা বেগমকে বিয়ে দেন এলাচী বেগমের প্রথম স্বামীর ছেলে সুজনের সঙ্গে। রেখা বেগম পরে আত্মহত্যা করেন।     

একপর্যায়ে কবির তালুকদার তার মেয়ে রেখা বেগমের শাশুড়ি এলাচী বেগমকে বিয়ে করেন। কবির তার প্রথম স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৫ অক্টোবর মহিমা বেগমকে বিদ্যুৎস্পৃষ্ট করে আসামিরা হত্যা করেন।   

এ ঘটনায় মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম দুজনকে অভিযোগপত্র থেকে বাদ দেন। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।  

আইনজীবী রঞ্জুয়ারা শিপু বলেন, মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

বাদী হেলাল তালুকদার রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান। 

মামলায় আসামিপক্ষে ছিলেন আইনজীবী তরিকুল ইসলাম তরু ফরাজী ও ইমরান হোসেন।