২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ নারীর মৃত্যু, ভর্তি ৫৯

“ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 01:10 PM

Updated : 24 Sep 2026, 01:24 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর প্রাণ গেছে।

মৃত ৬৫ বছর বয়সী খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলেন সরকার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো তথ্য থেকে জানা গেছে, এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৫১ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৮১৫ জন পুরষ, ৩৭৫ জন নারী এবং ৬১ জন শিশু।

হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ জন; এ সময় ছাড়পত্র নিয়েছেন ৭৬ জন এবং মারা গেছে ১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১০ জন শিশু।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা.মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। যারা ভর্তি রয়েছেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে কর্তৃপক্ষ কাজ করছে।”

ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।