রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
২০১৬ সালে মোবাইলের মেরোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে মাইনউদ্দিন গাজীকে পিটিয়ে হত্যা করা হয়।
রাজবাড়ীতে আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক জানান।
আসামিরা হলেন- সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেছার পাটোয়ারী।
মামলায় খালাস পেয়েছেন বাবু ভুঁইয়া নামের অপর আসামি।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইলের মেরোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি ফেরার পথে মাইনউদ্দিন গাজীকে লোহার পাইপ, রড দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বিকালে মারা যান মাইনউদ্দিন।
এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, চারজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
