পাবনায় ঘাটের দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫, বিএনপির কার্যালয় ভাঙচুর
এ ছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বেশ কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
পাবনার বেড়া উপজেলায় ঘাটের দখল নিতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বেশ কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সোমবার উপজেলার বৃশালিখা মহল্লা ও সওদাগর পাড়ার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান বেড়া মডেল থানার ওসি হাবিবুল ইসলাম।
আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হুরাসাগর নদীর বৃশালিখা ঘাটটি আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করত। ৫ অগাস্টের পর বিএনপির একাংশের নেতার সঙ্গে নিয়ে ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখানে তারা। পরে স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে একটি পক্ষ ঘাটটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।
সেই ঘটনার জেরে দুপুরে বৃশালিখা মহল্লা ও সওদাগর পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বৃশালিখা মহল্লার লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মহল্লাবাসীকে সংগঠিত করে সওদাগরপাড়ায় হামলা চালায়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে বেড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে বলে দাবি নেতাকর্মীদের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “চাঁদাবাজদের পক্ষের সঙ্গে নামধারী বিএনপির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করতেছে? বিষয়টি সবাই জানেন। আমি এসবের মধ্যে নেই, তাই কোনো খোঁজখবরও নেই নাই। বিষয়টি নিয়ে আমার কিছুই বলার নেই।”
ওসি হাবিবুল ইসলাম বলেন, “উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শুনেছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।”
এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেন নাই; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সংঘর্ষের বিষয়ে জানতে বিএনপি নেতা হাসান আলীর মোবাইলে কল করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
