টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে চলাচলকারী পর্যটকবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙরে থাকা ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ জাহাজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান।
টেকনাফ দমদমিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ জুয়েল জানান, টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ‘কেয়ারি সিন্দবাদ’ ও ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ জাহাজ দুটি ঘাটে দীর্ঘদিন ধরে নোঙর করে রাখা আছে।
পর্যটন মৌসুম আসায় জাহাজগুলো মেরামত শুরু করে কর্তৃপক্ষ। রোববার সকালে হঠাৎ জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, “জাহাজে ধরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জাহাজের এসিসহ উপরের একটি অংশ পুড়ে গেছে।”
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম দাবি করেন, জাহাজে আগুন লেগে ৩০-৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
