২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘গায়ে ধাক্কা লাগায়’ সংঘর্ষ, আহত ৩০

সংঘর্ষ থামাতে সেনাবাহিনীরও সহযোগিতা চাওয়ার কথা বলেন ওসি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মিছিলের সময় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়েছে দুটি পক্ষ। এতে অন্তত ৩০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর মিছিলে অংশ নেওয়ার জন্য উচালিয়াপাড়া এলাকায় জড়ো হচ্ছিলেন একদল নেতাকর্মী। তখন মুজাহিদুল ইসলাম নামে স্থানীয় এক যুবকের গায়ে ধাক্কা লাগে আরেক যুবকের। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য বিএনপি কর্মী মোশাররফ হোসেন এগিয়ে গেলে তাকে মারধর করেন মুজাহিদ। এ নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সেসময় সৈয়টুলা ও উচালিয়াপাড়ার লোকজনের মধ্যেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমার সভাস্থল থেকে একটু দূরে ঘটনাটি ঘটেছে। আমার কর্মী মোশাররফকে মারধর করেছেন মুজাহিদ নামের এক যুবক। মুজাহিদের পরিচয় এখনও জানতে পারিনি।”

সংঘর্ষ থামাতে সেনাবাহিনীরও সহযোগিতা চাওয়ার কথা বলেন ওসি মোরশেদুল আলম।